আন্তর্জাতিক ডেস্ক : গত ১৩ বছর ধরে চলা সংঘাত বন্ধে আফগান সরকার এবং দেশটির সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর শান্তি আলোচনাকে ‘বৈধ’ বলে উল্লেখ করেছেন তালিবান নেতা মোল্লা ওমর। শান্তি আলোচনা নিয়ে এবারই প্রথমবারের মত মুখ খুললেন ওসামা বিন লাদেনের একসময়ের সহযোদ্ধা।
গত সপ্তাহে আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসেছিলেন তালেবান নেতারা। আগামীতে আবারো আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়ে শেষ হয় ওই বৈঠক। কোনো সিদ্ধন্ত ছাড়া আলোচনা শেষ হলেও একে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দুই পক্ষই। যদিও পরবর্তী বৈঠকের সময় বা স্থান সম্পর্কে কিছু জানাননি আফগান কর্মকর্তারা।
দু পক্ষের আলোচনাকে স্বাগত জানিয়েছেন তালেবান নেতা মোল্লা ওমর। বুধবার নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন,‘ আমরা আমাদের ধর্মীয় বিধান মেনে চলব। ইসলামে শত্রুদের সঙ্গে বৈঠক এবং শান্তিপূর্ণ মত বিনিময়কে নিষিদ্ধ করা হয়নি।’
ইসলামাবাদ বৈঠকের প্রসঙ্গ উল্লেখ না করে তিনি আরো বলেছেন,‘ একই সময়ে সশস্ত্র জিহাদ, রাজনৈতিক প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পবিত্র লক্ষ্য অর্জনের বিষয়টি ইসলামী নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
গোপন স্থান থেকে এই মন্তব্য করেছেন বর্ষিয়ান এই তালেবান নেতা মোল্লা ওমর।

