আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা গত ৬৬ বছরে সবচেয়ে বেশি অর্থনৈতিক সহায়তা দিয়েছে ভারতকে। একই সময় সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে ইসরাইলকে। মার্কিন সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের দেয়া তথ্য থেকে এ কথা জানা গেছে। ১৯৪৬ সাল থেকে ২০১২ পর্যন্ত সাল পর্যন্ত এ সহায়তা দেয়া হয়েছে ।
ইউএসএইড জানিয়েছে, ৬৬ বছরে আমেরিকার কাছ থেকে ভারত ৬৫ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা পেয়েছে। অন্যদিকে ইসরাইল পেয়েছে ৬৫ বিলিয়ন ডলার। এ ছাড়া, আমেরিকার সহায়তা প্রাপ্ত বিশ্বের ২০০ দেশ এবং অঞ্চলের মধ্যে শীর্ষস্থানীয় পাঁচটি দেশের একটি হল পাকিস্তান। ৬৬ বছরে আমেরিকার কাছ থেকে পাকিস্তান পেয়েছে ৪৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।
এ ছাড়া , গত ৬৬ বছরে ইসরাইলকে সবচেয়ে বেশি বিদেশি সহায়তাও দিয়েছে আমেরিকা। এ খাতে ইসরাইলকে দেয়া হয়েছে ১৯৯ বিলিয়ন ডলার। মার্কিন বিদেশি সহায়তা প্রাপ্ত শীর্ষস্থানীয় ১০টি দেশে তালিকায় পাকিস্তান ঠাঁই না পেলেও সাত নম্বরে রয়েছে ভারত। ভারত এ খাতে আমেরিকার কাছ থেকে পেয়েছে ৬৬ বিলিয়ন ডলার।
ইসরাইল একই সময়ে আমেরিকার কাছ থেকে ১৩৪ বিলিয়ন ডলার সামরিক সহযোগিতা লাভ করে এ তালিকার শীর্ষে রয়েছে। সামরিক সহায়তার তালিকায় ভারতের অবস্থান ৪৭ নম্বরে হলেও পাকিস্তান রয়েছে ১২ নম্বরে। দেশটি আমেরিকার কাছ থেকে ৬৬ বছরে সামরিক খাতে ১২ দশমিক ৯ বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে।

