নিজস্ব প্রতিবেদক : বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ খবর নিশ্চিত করে জানিয়েছে, মন্ত্রিসভায় বড় ধরনের কোনো রদবদলের সম্ভাবনা নেই।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মুখে অর্থাৎ সচিবালয়ে এক নম্বর ভবনের সামনে নতুন মন্ত্রীদের জন্য প্রটোন পারসোনা মডেলের ৫টি গাড়ি এনে রাখা হয়েছে।
জানা গেছে, নতুন যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেবেন তারা হলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থপতি ইয়াফেস ওসমান, চট্টগ্রামের নুরুল ইসলাম বিএসসি, অভিনেত্রী তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদ।
সচিবালয়ের বিশ্বস্ত একটি সূত্র জানায়, আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং নুরুল ইসলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তারানা হালিম ডাক ও তার যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। নুরুজ্জামান আহমেদ কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা জানা যায়নি।
সবশেষ পাওয়া খবরে জানা গেছে, সচিবালয়ে মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা পাঁচটি গাড়ি থেকে চারটি গাড়ি বেলা ১টা ২০ মিনিটের দিকে সচিবালয় থেকে বের হয়েছে শপথের জন্য অপেক্ষায় থাকা মন্ত্রীদের আনতে।

