বরিশাল প্রতিনিধি : নগরীর সদর রোড এলাকার অগ্রণী ব্যাংকের শাখা থেকে ২১ লাখ টাকা গত মাসে মুলাদী শাখায় টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) করা হয়েছে এমন দাবির সত্যতা না পাওয়ায় ৩ প্রতারককে আটক করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিলে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করে পুলিশ।
তারা হলেন- বরিশালের মুলাদী উপজেলার এবাদুল হাওলাদার (৩৫), জহিরুল হাওলাদার (৩৬) ও চাঁদপুরা ইউনিয়নের শাহাদাত হোসেন (২৯)।
ব্যাংকের ম্যানেজার মো. জাহিদুল ইসলাম শেখ জানান, সকালে ওই ৩ ব্যক্তি ব্যাংকে এসে দাবি করেন, গত মাসে এ শাখা থেকে মুলাদী শাখায় ২১ লাখ টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) করেছিলেন। কিন্তু সে টাকা আজও পাননি।
এরপর ব্যাংক কর্তৃপক্ষ মুলাদী শাখায় যোগাযোগ করে জানতে পারেন গত মাসে লেনদেন বা এ পরিমান টাকা তারা পায়নি।
একইসঙ্গে বরিশালের এ শাখার কাগজপত্র যাচাইবাচাই করে এ ধরনের লেনদেনের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ সময় উপস্থিত তিন ব্যক্তির আচারণ সন্দেহজনক হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

