আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তির বিষয়ে সিদ্ধান্তে পৌছতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের ওপর চাপ দিচ্ছে ফরাসি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চলমান পরমাণু আলোচনায় সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময় এসেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে বৈঠক শেষে বার্তা সংস্থা রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
পরমাণু আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পশ্চিমা ও ইরানের কূটনীতিকরা জানিয়েছেন রাতের মধ্যে তারা অচলাবস্থা নিরসন করতে পারবেন বলে আশা করছেন।
ফ্যাবিয়াস বলেন, ‘সব ইস্যুই এখন আলোচনার টেবিলে চলে এসেছে। সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার।’
বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে চূড়ান্ত চুক্তিতে পৌছার জন্য গত মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনায় বসেন ইরান ও ছয় জাতির পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বেশ কিছু ইস্যুতে মতদ্বৈততা থাকায় দুই দফায় বৈঠকের মেয়াদ বাড়ানো হয়। অন্যান্য বিষয়গুলি সমঝোতায় এলেও ইরানের দাবি তাদের ওপর থেকে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। তবে পশ্চিমারা এ ব্যাপারে ছাড় না দিতে কঠোর অবস্থান নেয়। ৭ জুলাই দ্বিতীয় দফায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সময় সীমা শেষ হয়ে গেলে আলোচনার সময় শুক্রবার পর্যন্ত বর্ধিত করা হয়। শুক্রবারও কোন সমঝোতায় পৌছতে না পারায় এটি সোমবার পর্যন্ত বর্ধিত করা হয়।
শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ভিয়েনোর হোটেলে আলোচনা আবারো শুরু করেন জাওয়াদ জারিফ। বাকি মতপার্থক্য দূর করার জন্য এ আলোচনার বসেন তারা। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মজিদ তাখতে রাভানচি এবং রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উইন্ডি শেরম্যান বৈঠক উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে আরো যোগ দিয়েছেন, ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এবং মার্কিন জ্বালানিমন্ত্রী আনের্স্ট মোনিস।

