অর্থনৈতিক প্রতিবেদক : ৩ থেকে ৬ লাখ প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর (মুসক) দেয়ার উপযুক্ত হয়েও মুসক কর প্রদান করে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মুসক দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘প্রতি বছর ৬০ হাজার প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর প্রদান করে। কিন্তু বাংলাদেশে কি মাত্র ৬০ হাজার প্রতিষ্ঠান মুসক কর প্রদানের উপযুক্ত? আমারা তো মনে হয় ৩ থেকে ৬ লাখ প্রতিষ্ঠান মুসক প্রদানে উপযুক্ত কিন্তু তারা এ কর প্রদান করে না।’
তিনি বলেন, ‘আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ও মুসক মিলে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে।’
আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘দেশে ৪ কোটি লোক আয়কর প্রদানের উপযুক্ত হলেও মাত্র ১১ লাখ লোক কর প্রদান করেন। আমার মতে মানুষের উন্নয়নের জন্য, সুযোগ সুবিধার জন্য ও একটু ভালভাবে সবার বাঁচার জন্য কর প্রদানে যারা উপযুক্ত তাদের সবার এগিয়ে আসা উচিত।’
তিনি বলেন, ‘মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ সালে পাশ হয়েছে আগামী বছর থেকে তা পুরোপুরি কার্যকর হবে। নতুন আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এর জন্যে পর্যালোচনা কমিটিও কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ব্যবসাবান্ধব সহজ ও স্বচ্ছ মুসক ব্যবস্থা নিশ্চিত করা।’
এ সময় তিনি মুসক দেয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মুসক একটি ভাল কর, ন্যায় কর। আপনারা মুসক কর প্রদান করে রাজস্ব আদায়ে আপনারা আমাদের সহযোগিতা করেন।’
এসময় মূল্যসংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধকারী হিসেবে সেরা মূসকদাতার পুরস্কার প্রদান করা হয় ১১৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে।
এদের মধ্যে ২০১৩ ১৪ অর্থবছরের সেরা ভ্যাটদাতা হিসেবে জাতীয়পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানকে এবং জেলা পর্যায়ে ১১০টি ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি মতলুব আহমেদ প্রমুখ।

