নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদেরকে নিয়ে কটূক্তি করায় পুনরায় আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগামী ২২ জুলাই তারিখের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে।
রোববার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই নোটিস জারি করেন।
এর আগে গত ৬ জুলাই ডা. জাফরুল্লার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদনটি জানান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহবায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন।
এরপর গত ৭ জুলাই এ আবেদনের শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ জাফরুল্লাহর বিরুদ্ধে আদেশের জন্য দিন নির্ধারনণ করেন।
উল্লেখ্য, গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আদালত। শাস্তি হিসাবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়। পরে জাফরুল্লাহর এক আবেদনে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই জরিমানার আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
জাফরউল্লাহর বিরুদ্ধে ট্রাইব্যুনাল সাজা ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, আজকের আদালত অবমাননার রায়টা তিনজন বিচারকের মানসিক অসুস্থতার প্রমাণ। যেখানে বিচারপতিরা সমালোচনা সহ্য করতে পারেন না, সেখানে ন্যায়বিচার হয় না।
এদিকে ট্রাইব্যুনালের দেয়া দণ্ড ও জরিমানার বিরুদ্ধে চেম্বার আদালত স্থগিতাদেশ দেয়ার পর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসার অপেক্ষায় রয়েছে।

