শেরপুর প্রতিনিধি : জমে উঠেছে শেরপুরের ঈদ বাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। ক্রেতা টানতে বিভিন্ন পুরস্কারের ঘোষণাও দিয়েছে কোনো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান।
পনেরো রোজার পর থেকে শেরপুরের শপিংমল ও বিপণিবিতানগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ক্রেতাদের আকর্ষণে শপিংমলগুলোতে সাজানো হয়েছে বাহারি ডিজাইনের পোশাকের পসরা। শহরের নিউমার্কেট, গোয়ালপট্টি, নয়ানী বাজার ও টাউন হল মার্কেটের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড় সব বয়সী ক্রেতাদের। আর, ভিড় এড়াতে পছন্দের পণ্য সহজে খুঁজে পেতে অনেকেই, আগেভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা।
প্রতিবারের মত এবারও ঈদ বাজারের বড় একটি অংশ দখল করে নিয়েছে ভারতীয় পোশাক। এ বছর ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে, কটকটি নন্দিনী, কিরণমালা, বজ্রমালা, পাখি, টাপুর-টুপুর, পিউ থ্রি-পিসসহ বিভিন্ন ডিজাইনের ভারতীয় পোশাক।
এদিকে, বাহারি ডিজাইনের কাপড়ের সঙ্গে মিলিয়ে জুতা ব্যাগসহ প্রসাধনী কেনা-কাটাতেও ব্যস্ততা বাড়ছে ক্রেতাদের। অপরদিকে, ক্রেতা টানতে বিভিন্ন পোশাক ও জুতোর দোকানে র্যাফল ড্রর নামে মোবাইল সেটসহ বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।
তবে এবার পোশাকের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগও করলেন ক্রেতাদের কেউ কেউ। বলছেন আর একটু ক্রয় ক্ষমতার মধ্যে হলে আরো ভালো হতো। তারপরও দাম একটু বেশি হলেও ইচ্ছা বলে কথা, তাই পরিবারের সবার জন্য করছেন কেনাকাটা।
সর্বোপরি ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে ঈদ বাজার। সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে চলছে কেনাকাটা। পুরাতন সব গ্লানি মুছে এগিয়ে যাবে মানুষের সামাজিকতা এমনটাই প্রত্যাশার প্রতিচ্ছবি যেন প্রতিটি ক্রেতা বিক্রেতার ।

