আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসছে চান-হোম নামের এক শক্তিশালী ঘূর্ণিঝড়। এটি আঘাত হানার আগে ওউ অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো থেকে আট লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার আরো পরের দিকে সাংহাইয়ের দক্ষিণ অংশে ঘণ্টায় ১৮৭ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে বিবিসি জানিয়েছে। ঝড়ের কারণে ইতিমধ্যে প্রায় চারশ ফ্লাইট বাতিল করা হয়েছে।
সতর্ক ব্যবস্থা হিসেবে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই চীনের ঝেজিয়াং প্রদেশের ৮ লাখ ৬৫ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এই অপসারণ প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য ২৮ হাজারের বেশি জাহাজ মোতায়েন করা হয়েছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে ফিলিপাইনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় চান-হোম। এতে পাঁচ প্রাণ হারিয়েছিল। এর আগে জাপান ও তাইওয়ানের ওপর দিয়ে প্রবাহিত হওয়া এই ঝড়ে বেশ কয়েকজন আহত হয়েছিল। এছাড়া বেশ কিছু ঘর-বাড়ি ধ্বংস হয়েছিল এবং গাছপালা উপড়ে পড়েছিল।
এদিকে চীনের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯৪৯ সালের পর চান-হোম হতে পারে দেশের সবচাইতে ভয়াবহ ঘূর্ণিঝড়। সাংহাইয়ের আগে এটি ঝেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাষ বলা হয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলে বৃষ্টি এবং ঝড়োহাওয়া প্রবাহিত হতে শুরু হয়েছে বলে বিবিসি জানিয়েছে। এর প্রভাবে সাংহাই শহরেও ঝড়োহাওয়া বইতে শুরু করেছে।

