আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিন কোর কমান্ডার জেনারেল ডানফোল্ড বলেছেন, আমেরিকার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে রাশিয়া। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিস কমিটিকে তিনি এ কথা বলেছেন।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান পদপ্রার্থী এই কর্মকর্তা দাবি করেন, মধ্যপ্রাচ্যের চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের চেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে মস্কো।
গত বছর ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীদের কারণে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপীয় দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে।
ডানফোল্ড জানান, রুশ আগ্রাসন মোকাবেলার জন্য ইউক্রেনে ভারি অস্ত্র-শস্ত্র পাঠানো যুক্তিসঙ্গত হবে। যদি কোনো দেশকে এখন আমেরিকার হুমকি বলে মনে করা হয় তবে তা হবে রাশিয়া। এ ছাড়া, রাশিয়ার আচরণকে আমেরিকার জন্য আতঙ্কজনক বলেও দাবি করেন তিনি।
রাশিয়া ইউরোপের মার্কিন মিত্রদের সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষমতা রাখেন বলেও দাবি করেন ডানফোল্ড।

