আন্তর্জাতিক ডেস্ক : ইরানসহ বিশ্বের ছয় পরাশক্তির প্রতিনিধিরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে পরমাণু-বৈঠকে বসেছিলেন, সেখানে ইরানের ওপর থেকে মার্কিন অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া বা সামরিক অস্ত্র সমৃদ্ধকরণে আরোপিত নিষেধাজ্ঞাই ছিল মূলত আলোচনা ও সমঝোতায় আসার বিষয়বস্তু; এবং উদ্ভূত পরিস্থিতির নিরীখে বলা যায়, আরও অন্তত ৬০ দিনের জন্যে ঝুলে গেছে এর সমাধান। যে কারণে বলা যায়, ৩০ জুনের মধ্যে একটি সিদ্ধান্তে আসা যাবে বলে ইরান যে স্বপ্ন দেখেছিল, তার সঙ্গে যুক্ত করতে হবে আরও ৬০টি দিন। যদিও ৩০ দিনের সময় নেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বলা হচ্ছে ইরানের সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে এবং তার প্রেক্ষিতে যে সিদ্ধান্তগুলোয় আসা সম্ভব হয়েছে, এবং ইরান অবরোধসমূহের বিপরীতে যে প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেছে, সেগুলো যাচাই করে দেখতে চায় মার্কিন কংগ্রেস। এ জন্যে সময় চাওয়া হয়েছে ৩০ দিন কিন্তু মার্কিন কংগ্রেস এ ধরনের আলোচনার জন্যে সচরাচর ৬০ দিন ব্যবহার করেন। ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবার বলে দিচ্ছেন, আমাদের কোনো তাড়াহুড়ো নেই এবং ইরানের তাই। বাস্তবতা হলো ইরান ক্ষয়ক্ষতি এড়াতে আরও দ্রুততম সময়ে সামাধান চাইছে।

