নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ উপলক্ষে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের আগাম টিকিট আজ শুক্রবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। চলবে ১৩ জুলাই পর্যন্ত। এছাড়া যাত্রীদের সুবিধার্থে ঢাকা ও ঢাকার বাইরে আরও ৯’শ বাস রাখা হয়েছে। যা ঈদের তিন দিন আগে থেকে চলাচল করবে দেশের বিভিন্ন রুটে।
রাজধানীর বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা, কমল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া সিবিএস-২ কাউন্টারে টিকিট সংগ্রহ করতে পারবে যাত্রীরা।
এছাড়া যাত্রীদের সুবিধার্থে বিআরটিসির প্রধান কার্যালয়ে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এই ডেস্কের ফোন নম্বর-৯৫৬৪৩৬১ এবং মোবাইল নম্বর হচ্ছে-০১৮১৮২০২১৮৬। যে কোনো তথ্য জানতে এ দু’টি নম্বরে যোগাযোগ করার জন্য বিআরটিসির পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসির বাস ডিপোতে গিয়ে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ডিপোর ম্যানেজার জানান, সকাল থেকেই যাত্রীরা টিকিট কেনার জন্য আসা শুরু করেছেন । ঈদ উপলক্ষে ১৬, ১৭ এবং ১৮ তারিখের টিকিটের চাহিদা বেশি। যারা টিকিট কিনতে আসছেন তাদের মধ্যে অধিকাংশই ওই তিন দিনের টিকিট কিনছেন।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে লোকজনের যাতায়াতের সুবিধার্থে ১৪ থেকে ২০ জুলাই বিআরটিসি বাসে ঈদ সেবার বিশেষ সার্ভিস চলবে। এ ছাড়া ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস প্রস্তুত থাকবে। ঢাকা ও ঢাকার বাইরের ডিপো মিলে মোট ৯০০টি বাস এই সেবার অন্তর্ভুক্ত হবে।
বাসগুলো ঢাকা ও ঢাকার বাইরের ডিপো থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে। এছাড়া ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস প্রস্তুত থাকবে।
বিআরটিসির পরিচালক ( কারিগরি) কর্নেল এ আর মোহাম্মদ পারভেজ মজুমদার বলেন, ঈদ যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির পক্ষ থেকে বিশেষ সেবার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া নেয়া হবে।

