আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত হাজার হাজার স্থাপনা পুনর্নির্মানে বাধা দিচ্ছে ইসরায়েল। একই সঙ্গে এই উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করার জন্যও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। গাজাভিত্তিক জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ-এর পরিচালক রবার্ট টার্নার বুধবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন।
রবার্ট টার্নার বলেন, ‘কঠোর অবরোধ অব্যাহত রয়েছে এবং এর ফলে গাজায় যে বাজে প্রভাব পড়ছে তা অগ্রহযোগ্য ও অমার্জনীয় অপরাধ।
গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের ৫০ দিনব্যাপী যুদ্ধের এক বছরের মাথায় জাতিসংঘ এ অভিযোগ করল। ২০১৪ সালের গ্রীষ্মে ওই উপত্যকার ওপর ইসরাইলি হামলায় অন্তত ৫০০ শিশুসহ আড়াই হাজার ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনি এ ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়। হাজার হাজার মানুষ সহায় সম্বল হারান।
জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে, যুদ্ধে গাজার অন্তত ১৮ হাজার ভবন ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ওই যুদ্ধ শেষ হওয়ার এক বছর পর এখনো বিধ্বস্ত এসব ঘরবাড়ি ধ্বংসস্তুপ আকারে পড়ে রয়েছে। ইসরাইল লোহার রড ও সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী গাজা উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে না বলে নির্মান কাজে হাত দেয়া যাচ্ছে না।
টার্নার গাজার ওপর থেকে পুরোপুরি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, আংশিকভাবে অবরোধ তুলে নেয়ার মাধ্যমে সেখানকার জনগণের দুঃখ-দুর্দশা কমানো যাবে না।

