নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ আগস্টের পরিবর্তে ২৬ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে সংশোধিত ভোটার তালিকা ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
১৩ আগস্ট নির্বাচনের দিন ধার্য থাকলেও সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ভোটার তালিকা সংশোধন করে প্রস্তুতের জন্য আরও সময় প্রয়োজন উল্লেখ করে গত ০৭ জুলাই আবেদন করেন অ্যাটর্নি জেনারেল।
ভোটার তালিকা পর্যালোচনা করে ১২ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ এবং ১৩ আগস্ট নির্বাচনের জন্য তারিখ ধার্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ গত ২৮ মে রায় দেন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম প্রার্থী হয়েছেন।
অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, কাউন্সিলের বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এ এম মাহবুব উদ্দিন খোকন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

