অর্থনৈতিক প্রতিবেদক : অনেক সময় অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে শুল্ক স্টেশনসহ বিভিন্ন পর্যায়ে আমাদের কর্মকর্তাদের হয়রানির অভিযোগ পাওয়া যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাই অসৎ ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ- ২০১৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনেক অসৎ ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে আবার অনেককে চিহ্নিত করার পক্রিয়া চলছে। তাদের প্রতি আবেদনও জানানো হয়েছে সংশোধন হওয়ার জন্য। এতেও তারা যদি না হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে সৎ ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর সুসম্পর্ক বজায় রাখবে। তাদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হবে।’
শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে নয়, এনিবআরের অসৎ কর্মকর্তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এনবিআরের যে সব কর্মকর্তা গ্রাহকদের হয়রানি করবে তাদের বিরুদ্ধেও যেমন কঠোর পদক্ষেপ থাকবে তেমনি সততার সঙ্গে যে সব কর্মকর্তা দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তার বিষয়ে এনবিআর থেকে ভিন্ন পদক্ষেপ থাকবে। আমাদের নীতি হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজিবুর রহমান বলেন, ‘ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহারে অনিয়মের বিষয়ে নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে। এই প্রকল্প শুরুর পর থেকেই অনেক ব্যবসায়ী এ মেশিনগুলো নষ্ট করে ফেলে। ভ্যাট ইনটিলিজেন্সকে আরো জোরদার করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানাসহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে।’
সরকারি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে প্রায় ১৯ হাজার অনাদায়ী ভ্যাট আদায়ের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ বেশ কিছু কোম্পানির বকেয়া ভ্যাট নিয়ে এরই মধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ওই সকল কোম্পানী তাদের হালনাগাদ ভ্যাট প্রদানে উদ্যোগী হয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনে ১০ জুলাই মূসক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন এনবিআর চেয়ারম্যান। এ বিষয়ে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা আমদানি শুল্কে কম গুরত্ব দিয়ে মূসকের ওপর জোর দিয়েছে। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে মূসক দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
‘সময়মতো মূসক দেবো, দেশগড়ায় অংশ নেবো’ স্লোগান সামনে রেখে ১০ই জুলাই শুক্রবার থেকে ১৬ জুলাই পর্যন্তু সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এনবিআর। এরমধ্যে শুক্রবার সকাল কাল ৯টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি সেগুন বাগিচায় অবস্থিত রাজস্ব ভবন হতে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রাটি উদ্বোধন করবেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।
সেই সঙ্গে দিবসটি উপলক্ষে ১২ই জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা এবং সর্বোচ্চ মূসক প্রদানকারী করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

