আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। জিও নিউজের এক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় তিনি এই কথা বলেন বলে বুধবার ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকা জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেছেন,‘নিজেদের প্রয়োজনে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব।’ সোমবার জিও নিউজে সালিম সাফির সঙ্গে আলোচনায় অংশ নেয়ার সময় তিনি আরো বলেন,‘তবে পরমাণু অস্ত্র ব্যবহার করার মত পরিস্থিতি যেন কখনো না হয় আমাদের এই প্রার্থণাই করা উচিত। তবে নিজেদের অস্তিত্বের প্রয়োজনে আমরা এগুলো(পরমাণু অস্ত্র) ব্যবহার করব।’
তিনি ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসবাদের অজুহাত তুলে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের সঙ্গে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ ভারতকে সতর্ক করে দিয়ে তিনি আরো বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক শক্তিশালী এবং প্রয়োজনে তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

