নিজস্ব প্রতিবেদক : ফাঁসির সাজা পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হিসেবে আদালতে আজ একটি নতুন নথি জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। সে নথিতে সাকার অপরাধের প্রমাণ হিসেবে তৎকালীন ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকার একটি কপি জমা দেয়া হয়েছে।
বুধবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এটি জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
জানতে চাইলে অ্যাটর্নি সাংবাদিকদের বলেন, ‘আসামিপক্ষ তাদের যুক্তি-তর্কে বলেছিলেন, একাত্তর সালে সাকা চৌধুরী দেশে ছিলেন না। তিনি সে সময় পড়াশোনার জন্য পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন। কিন্তু আমরা প্রমাণ করেছি, তিনি ওই সময় দেশে অবস্থান করছিলেন এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন, যা সে সময়ের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই সময়ের পত্রিকা সংগ্রহ করেই আজ তা আদালতে জমা দিয়েছি।’
এর আগে মঙ্গলবার রায়ের শুনানি শেষে মাহবুবে আলম এই নথি আদালতের কাছে জমা দিতে যান। কিন্তু আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় আদালত তা জমা দেয়া সম্ভব হয়না। পরে নথিটি আদালতে জমা দিতে প্রধান বিচারপতি বরাবর আবেদন করলে তা আজ বুধবার কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়। সে হিসেবে আজ আদালতে এটি কার্যতালিকায় আসে।
গতকাল সাকা চৌধুরীর আপিলের শুনানি শেষে আগামী ২৯ জুলাই রায় দেয়ার দিন নির্ধারণ করা হয়।

