অর্থনৈতিক প্রতিবেদক : লাক্স সাবান কিনে জিতে নিন সোনার লকেট-বিজ্ঞাপনটি প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আমরাফুল কামাল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
ইউনিলিভার কর্তৃপক্ষকে এ বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। ‘এবার লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট!’ শিরোনামে ওই বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪ (বি) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, পুলিশের মহা পরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের কমিশনার সংশিষ্ট বিবাদীদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ।
আইন অনুযায়ী এ ধরনের বিজ্ঞাপন প্রচার ‘নিষেধ’ উল্লেখ করে এটি বন্ধের নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি দায়ের করা হয়।

