সিলেট প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনে ফের নতুন তারিখ নির্ধারণ করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান।
সোমবার সকালে অধিকাংশ আসামি আদালতে হাজির না হওয়ায় বিচারক নতুন তারিখ নির্ধারণ করে সেদিন সব আসামিকে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বিচারক মকবুল আহসান বলেন, ‘আসামিদের উপস্থিতিতে আগামী ১৪ জুলাই চাঞ্চল্যকর এ হত্যা মামলার অভিযোগ গঠন করা হবে।’
সোমবার আসামিদের মধ্যে হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গৌছ এবং হরকাতুল জিহাদ (হুজি) সদস্য হাফিজ নাঈম আরিফ, বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিঠু ও দেলোয়ার হোসেন রিপন ছাড়া আর কেউ আদালতে হাজির হননি।
সরকার পক্ষের আইনজীবী দ্রুত বিচার আদালতের পিপি কিশোর কুমার কর জানান, অসুস্থতা ও বিভিন্ন মামলায় অন্যান্য আদালতে হাজিরা থাকায় বাকি আসামিরা হাজির হতে পারেননি।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল খালিক জানান, সকল আসামি আদালতে হাজির হতে না পারায় বিচারক অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন।
এ মামলার কারাবন্দি ১৪ জন আসামির মধ্যে অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্য আদালতে হাজিরায় ও সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বলে জানা গেছে।
এর আগে গত ২১ জুনও একই মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। ওই দিনও আরিফ বাবরসহ বেশ কয়েকজন আসামী অনুপস্থিত ছিলেন। তাই আজ ৬ জুলাই অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামীলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন ।

