নিজস্ব প্রতিবেদক : রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল ২০১৫ এর ওপর সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
রোববার জাতীয় সংসদে কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী রিপোর্টটি উপস্থাপন করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশ ১৯৭৭ রহিত করে পুনঃপ্রণয়নের বিধান করে গত ১৬ জুন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করেন।
বিলে রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশ ১৯৭৭ এর অধীন প্রতিষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরো এমনভাবে বহাল রাখার বিধানের প্রস্তাব করা হয়েছে, যেন তা বিলের বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে। বিলে ব্যুরোর প্রধান কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, পরিচালনা পর্ষদ গঠনসহ সংশ্লিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
বিলে বাণিজ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ২২ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব করা হয়। বিলে ব্যুরোর প্রধান নির্বাহী, পরিচালনা পর্ষদের সভা, ব্যুরোর দায়িত্ব ও কার্যাবলী, তহবিল ঋণ গ্রহণ ও বিনিয়োগ, বাজেট, হিসাব ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, সরকারি কর্মচারী, ক্ষমতা অর্পণ, বিধি-প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়।

