আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমের শহর রামাদি ও ফাল্লুজায় সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। ইরাকি বাহিনী নিহতদের ইসলামিক স্টেটের সদস্য বলে দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এরা বেসামরিক নাগরিক।
শনিবার মধ্যরাতে রামাদির একটি রেস্তোরায় বিমান হামলা চালায় সরকারি বাহিনী। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়। আহত হয় আরও ৩০ জন। একই সময় ফাল্লুজা শহরের উত্তরে গোলা নিক্ষেপ করা হলে সেখানে ২১ জন নিহত হয়। আহত হয় আরও ২৬ জন। এদের মধ্যে পাঁচজন নারী ও সাত শিশু রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অধিকাংশই তরুণ এবং এরা সবাই বেসামরিক নাগরিক। তবে ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল তারা আইএসের সদস্য।
প্রসঙ্গত, আনবার প্রদেশের রামাদি ও ফাল্লুজা দুটি শহরই বর্তমানে আইএসের দখলে রয়েছে।

