সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ নয়। সবার সহযোগিতায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং পর্যায়ক্রমে উন্নত দেশে উন্নীত হবে।’
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা সভায় এবং জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র বিমোচন, জঙ্গি দমন ও সুশাসনের জন্য কাজ করছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানসহ সামাজিক নিরাপত্তায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। যার কারণে দারিদ্র অনেকটা দূর হয়েছে।’
তিনি বলেন, ‘মানুষের মাথা পিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধির হার বেড়েছে। ফলে বিশ্ববাসী বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অনেক বাধা অতিক্রম করে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ সরকার দারিদ্র দূর করাসহ তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।’
এ সময় আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

