আন্তর্জাতিক ডেস্ক : দেড় মাস আগে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত ১২ সদস্যের একটি ব্রিটিশ পরিবার সিরিয়ায় মধ্যপ্রাচ্যের চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিয়েছে। তারা সেখানে ‘সবচেয়ে নিরাপদে’ রয়েছে বলে দাবি করেছে আইএসের এক সদস্য।
বার্তা সংস্থা বিবিসিতে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
যুক্তরাজ্য থেকে গত ১০ এপ্রিল বাংলাদেশে বেড়াতে আসে বেডফোর্ডশায়ারের লুটন শহরে বসবাসরত পরিবারটির ১২ সদস্য। সেখান থেকে তুরস্ক হয়ে তাদের ফিরে যাওয়ার কথা ছিল মে মাসের মাঝামাঝি। কিন্তু ১১ মে তুরস্কে নামার পর থেকে পরিবারটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যুক্তরাজ্য পুলিশ ধারণা করছিল, ওই পরিবারটি আইএসের সঙ্গে যোগ দিতে তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় চলে গেছে।
পরিবারের সদস্যরা হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান (৭৫), তার স্ত্রী মিনারা খাতুন (৫৩), তাদের মেয়ে রাজিয়া খানম (২১), ছেলে মোহাম্মদ জায়েদ হুসাইন (২৫), মোহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মোহাম্মদ আবিল কাশেম সাকের (৩১) ও তার স্ত্রী সাঈদা খানম (২৭), মোহাম্মদ সালেহ হুসাইন (২৬), তার স্ত্রী রশানারা বেগম (২৪) এবং তাদের তিন সন্তান, যাদের বয়স এক থেকে ১১ বছরের মধ্যে। পুলিশের ধারণা আব্দুল মান্নানের মেয়ে রাজিয়া খানম নিষিদ্ধ ইসলামি গোষ্ঠী ‘আল-মোহাজিরুনের’ সদস্য।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইএসের সঙ্গে লড়াইরত এক ব্রিটিশ নাগরিক আইএস সদস্যের পাঠানো একটি বিবৃতি তাদের কাছে পৌঁছেছে। এর সঙ্গে ওই পরিবারের সদস্যদের দুটি ছবিও পাঠানো হয়েছে। ছবি দুটিতে পরিবারের কর্তা মান্নানের যে ছবি রয়েছে তা আসল হলেও বিবৃতির সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি।
বিবৃতিতে বলা হয়েছে, পরিবারটি এমন একটি ভূমিতে পৌঁছেছে, যেটি ‘দুর্নীতি ও নিপীড়নমুক্ত’ এবং যেখানে ‘মোসলমানদের খলিফা’ ছাড়া আর কারও কর্তৃত্ব নেই।
এতে আরও বলা হয়, ‘যারা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাদেরকে বলছি, আমরা যাতে আগের চাইতেও বেশি নিরাপদে থাকতে পারি সেজন্য আপনারা অন্তর দিয়ে প্রার্থনা করুন। আমরা মোসলমানদের তাদের খলিফার কাছে ছুটে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা খিলাফত রাষ্ট্রের দিকে ছুটে আসুন। তার দিকে ছুটে আসুন যা আপনাকে ইহ ও পরকালে মর্যাদা প্রদান করবে।’

