অর্থনৈতিক প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। ব্যাংকটি থেকে প্রায় ১০ কোটি আত্মসাৎ করার অভিযোগে এ মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টায় রাজধানীর কোতোয়ালী থানায় দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-৩। দুদকের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় আসামিরা হলেন- ইউসিবিএলের নয়াবাজার শাখার সাবেক ব্যবস্থাপক (ম্যানেজার) আলী হায়দার, একই শাখার সেকেন্ড অফিসার মো. ইউনুস এবং এফএস প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান ফাহমিদা সুলতানা।
দুদক সূত্রে জানা যায়, এফএস প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান ফাহমিদা সুলতানা ও তার স্বামী (মৃত) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলাম খান মূলত এই টাকা আত্মসাৎ করেন। অনুসন্ধানে দেখা যায়- ঢাকার সবুজবাগের ১৭ কাঠার একটি প্লট ছিল নুরুল ইসলাম খানের ভাই-বোনদের নামে। নুরুল ইসলাম ও ফাহমিদা পরস্পর যোগসাজসে ভাইবোনদের স্বাক্ষর জাল করে, ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি, ভুয়া বন্ধকি দলিল (মর্টগেজ ডিড), ভুয়া সম্মতিপত্র ও জাল ছবি ব্যবহার করে ইউসিবিএলের নয়বাজার শাখা থেকে টাকা উত্তোলনের জন্য ওই জমি বন্ধক দেখায়।
এভাবে ২০০৩ সাল থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন সময়ে মোট ৬ কোটি ৮১ লাখ টাকা উত্তোলণ করেন তারা, যার সুদসহ বর্তমান ঋণের পরিমান প্রায় ১০ কোটি টাকা। আর এই টাকা উত্তোলণ করার পর তারা স্বামী-স্ত্রী উভয়ে এফএস প্যাকেজিং লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বন্ধ করে আত্মগোপনে যান।
এ ঘটনায় মামলা হলেও ডিসেম্বরে নুরুল ইসলাম খান মারা যাওয়ায় মামলায় তার নাম রাখা হয়নি। টাকা আত্মসাৎ প্রক্রিয়ায় ব্যাংক কর্মকর্তারা যুক্ত ছিলেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় তাদের আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি করার বিষয়ে গত ২৪ জুন অনুমোদন দিয়েছিল কমিশন।

