আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে কর্মরত এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন দেশটিতে সশস্ত্র বিদ্রোহ চালানো তালিবান যোদ্ধাদের একাংশ ইসলামিক স্টেটের সিরিয়া অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। মার্কিন সেনা কর্মকর্তার নাম শন স্যুইনডেল। তিনি আফগান বিশেষ বাহিনীর প্রধান প্রশিক্ষক।
শন বলেন, ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তালিবানরা একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে চাইছে। এবং একইসঙ্গে, ইরাক কিংবা সিরিয়ার মতো ততোটা পরিকল্পিত ও ভয়াবহ না হলেও আফগানিস্তানে আইএস তৎপরতা রয়েছে।
তালিবান ও আইএস-এর সাম্প্রতিক তৎপরতার সূত্র ধরে এ সিদ্ধান্তে এসেছেন মার্কিন সেনানায়ক। জানা যায়, আইএস’র ওয়েবসাইটের একটি বিভাগ রয়েছে, নাম ‘আইএস ইন খোরাসান।’ আফগানিস্তান পূর্বে খোরাসান নামেও পরিচিত ছিল।
সম্প্রতি তালিবানদের বিচ্ছিন্ন অংশটির সঙ্গে মূল অংশের সম্মুখ কিংবা গেরিলা যুদ্ধ বেড়েই চলেছে। বলা হচ্ছে সবচেয়ে শোচনীয় অবস্থা বিরাজ করছে নঙ্গরহার প্রদেশে। নঙ্গরহার থেকে কাছেই তোরা বোরা গুহা। যেখানে আল-কায়েদার নেতা ও অর্থ যোগানদাতা ওসামা বিন লাদেন একসময় আত্মগোপন করে ছিলেন।
সাম্প্রতিক সময়ে আইএস-এর ওয়েবসাইটে ‘খোরাসানি তালিকানদের’ উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘তোমরা কেন ইসলামিক স্টেটের সঙ্গে যুদ্ধ করছো? নিজেদের কবর নিজেরাই খুঁড়তে চাও? মাথা হারাতে চাও? বাসস্থানকে ধ্বংসস্তুপ বানাতে চাও? তোমরা কি নিজেদের আমেরিকার মদদপুষ্ট ইরাকি সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী ভাবছো?’
দেখা যাচ্ছে, তালিবানদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের সঙ্গে যোগদানে উদ্বুদ্ধ করছে ইসলামিক স্টেট এবং এর বিপরীতে পর্যাপ্ত সাড়া দিচ্ছে তালিবানদের একাংশ। এবং অন্তর্কোন্দল ক্রমশ বেড়েই চলেছে।

