নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশে ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলে প্রণীত প্রায় ৩৬৪টি আইন এখনো বহাল রয়েছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
আইনমন্ত্রী জানান, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পূর্বে তদানিন্তন পূর্ব পাকিস্তানে প্রযোজ্য সব আইনকে ১৯৭১ সালের ১০ এপ্রিল জারিকৃত laws Continuance Enforcement order দ্বারা একই তারিখে জারিকৃত Proclamation of Indenendence এর বিধান সাপেক্ষে অব্যাহত রাখা হয়। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ দ্বারা অব্যাহত থাকা উক্ত আইনগুলোকে হেফাজত করা হয়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে তদানিন্তন পূর্ব পাকিস্তানে প্রচলিত ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলে প্রণীত প্রায় ৩৬৪ আইন এখন পর্যন্ত বহাল রয়েছে।
তিনি বলেন, ‘১৯৭৩ সালে প্রণীত Bangladesh Laws (Revision and Declaration) Act,1973 (Act No vii 1973) প্রণয়নের মাধ্যমে স্বাধীনতাপূর্ব আইনগুলোকে প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজন করে বহাল রাখা হয়েছে। বিদ্যমান আইনগুলো এ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক এখতিয়ারাধীন। কোনো মন্ত্রণালয় থেকে এর কোনো আইনকে যুগোপযোগী ও বাস্তবমুখিকরণের জন্য সুর্নিদিষ্ট আকারে প্রস্তাব প্রেরণ করা হলে এ মন্ত্রণালয় থেকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রশাসনিক এখতিয়ারাধীন একটি স্বাধীন আইন কমিশন আইনের প্রয়োজনীয় সংশোধনী বা নতুন আইন প্রণয়ণের জন্য সুপারিশ করতে পারে। আইন কমিশন আইন সম্পর্কে গবেষণাপূর্বক সুপারিশ প্রদান করে থাকে। এ সুপারিশ বিবেচনায় নিয়ে বিভিন্ন আইন আধুনিকায়ন, বাস্তবমুখি করার জন্য সংশোধন ও প্রণয়ন করা হয়ে থাকে।’

