নিজস্ব প্রতিবেদক : বিচারিক স্বচ্ছতার স্বার্থে এবং নিজেদের জনপ্রিয়তা রক্ষার্থে যেসব মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ ওঠে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার ১২টায় ধানমণ্ডির মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, ‘যদিও বিষয়টি বিচারাধীন তবুও যে কথাটি বলা যায়, তা হলো দেশের স্বার্থে এবং নিজের জনপ্রিয়তার স্বার্থে দুর্নীতির অভিযোগ উঠা মন্ত্রীদের পদত্যাগ করা উচিৎ। কেননা এতে করে আইনি লড়াইটা ভালো হয়। যদি তারা জয়ী হন পরবর্তীতে জনগণই তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসবেন। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, এসব মন্ত্রীদের পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করা উচিৎ। এর ফলে তাদের প্রতি জনগণের আস্থা ও জনপ্রিয়তা বেড়ে যাবে।’
সম্প্রতি অভিযোগ ওঠা গম কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন, ‘প্রত্যাশিত মানের চাইতে খারাপ গম আমদানি করা হয়েছে এটা পরিষ্কারভাবে প্রমাণিত। তাই নিজেদের স্বার্থে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে যথাযথভাবে পরীক্ষা করা উচিৎ। সেই সঙ্গে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেয়া উচিৎ।’

