আন্তর্জাতিক ডেস্ক : ঋণ জটিলতার সূত্র ধরে গোটা সপ্তাহ ধরে দেশের সবকটি ব্যাংক বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক দেশটিতে জরুরী অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পর তারা এই ঘোষণা দিল।
গ্রিসের ঋণ সহায়তা প্যাকেজের সময় শেষ হওয়ার কথা রয়েছে মঙ্গলবার মধ্যরাতে। এর দু দিন আগেই রোববার গ্রিসের বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য সেদেশের ব্যাংকগুলোকে জরুরী অর্থ সরবরাহ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক। মুদ্রা তারল্য রোধ করে আর্থিক পদ্ধতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহ জুড়ে জরুরি ভিত্তিতে ব্যাংকগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে মঙ্গলবার মধ্যরাতের মধ্যে গ্রীসকে আইএমএফের ১৭০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে। এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে গ্রিস ঋণখেলাপী হয়ে যাবে। এর ফলে তাদের ইউরোজোন ত্যাগ করতে হতে পারে।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা বলছেন, অর্থখাতে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে চাইলে সোমবার গ্রিসের ব্যাংকগুলোতে ছুটির দিন হিসেবে ঘোষণা করা উচিত ।
এদিকে সংকটের আশঙ্কা ঘনীভূত হতে থাকায় সে দেশের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে নিতে ক্যাশ মেশিনগুলোর সামনে ভিড় জমিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ সম্পর্কে স্থানীয় এক অভিবাসী জানিয়েছেন, ‘এক সপ্তাহ ব্যাংক বন্ধ থাকার সিদ্ধান্তে মানুষজন খুব ভয় পাচ্ছে। তারা নিজেদের টাকা নিয়ে খুবই উদ্বিগ্ন।’
সে দেশের লোকজন ব্যাংক থেকে টাকা তোলার পাশাপাশি খাবারও মজুদ করছে বলে জানা গেছে। প্রচুর লোক লাইন দিয়ে বাজার করছে। তারা টিস্যুপেপার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে সুপারমার্কেটগুলোতে মানুষের ভিড় জমেছে।

