আন্তর্জাতিক ডেস্ক : কাবুল পার্লামেন্টে তালেবান হামলার পর নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী নুরুল হক ওলোমি। তিনি তার দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সফর স্থগিত করেছেন বলে সোমবার পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে আফগান পার্লামেন্টে তালেবান হামলার পর তিনি এ সফর বাতিল করেন। চলতি সপ্তাহে তার ইসলামাবাদ সফরে আসার কথা ছিল। পাকিস্তানি কতর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ওলোমির পাক সফরের নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ ও পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে যখন তালেবানদের হামলা ও দখল অভিযান চলছে তখন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর স্থগিত করলেন। গত সপ্তাহে তালেবানরা খোদ রাজধানী কাবুলের পার্লামেন্ট ভবনে হামলা চালায়। এতে রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে তোপের মুখে পড়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণলয় বলছে, ভারী অস্ত্র ও শক্তিশালী বিমান বাহিনীর অভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি ঠিক রাখা কঠিন হচ্ছে।

