নিজস্ব প্রতিবেদক
ঢাকা ওয়াসা এবং কোরিয়ান হুন্দাই রোটেম কোম্পানির মধ্যে তেঁতুলঝরা-ভার্কুতা ওয়েলফিল্ড নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়ছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এসময় ঢাকা ওয়াসার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান এবং কোরিয়ান হুন্দাই রোটেম কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ জ্যাং জ্যি হাহ্।
চুক্তি স্বাক্ষর শেষে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম এ খান জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীতে ১৫ কোটি লিটার পানি সরবরাহ নিশ্চিত হবে।
তিনি বলেন, ‘এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে চলমান পানি সঙ্কট দূর হবে। যদিও আমাদের ট্র্যাক রেকর্ড বলছে কোন কাজই নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় না, তারপরও আমরা চেষ্টা করবো নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে।’
পানি সঙ্কট দূর করতে রাজধানীতে আরও তিনটি বড় প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে তাসকিম আরো বলেন, ‘আমাদের টার্গেট ছিল ২০২১ সালের মধ্যে রাজধানীর পানির সঙ্কট দূর করা। এই প্রকল্পের কারণে ২০১৯ সালের মধ্যে আমরা সে লক্ষ্য পূরণ করতে পারব।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তেঁতুলঝরা-ভার্কুতা ওয়েলফিল্ড নির্মাণ প্রকল্প রাজধানী ঢাকার জন্য মাইলস্টোন হবে। রাজধানীতে পানির সঙ্কট দূর হয়ে যাবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রেজয়ান আজিজ, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হুয়ান জু কমি প্রমুখ।

