অর্থনৈতিক প্রতিবেদক : ঈদ এলেই নতুন টাকার চাহিদা যেমন বাড়ে, তেমনি বাড়ে জাল টাকার ছড়াছড়ি। তাই জাল ঠেকাতে বরাবরে মতোই আসল নোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জাল নোট সনাক্তকরণে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় রমজানের ঈদের আগে ২০০ নোট সনাক্তকরণ মেশিন বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক।
ঈদ উপলক্ষে এবার প্রায় ২২ হাজার কোটি টাকার মতো নতুন নোট বিতরণ করবে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২ জুলাই থেকে এসব নোট বিতরণ শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নতুন নোট বিতরণ শুরুর আগেই বাজারে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট কারবারিরা। সারা মাস জুড়েই আইনশৃঙ্খলার বাহিনী একাধিক অভিযানে ধরা পড়েছে জাল নোট প্রস্তুতকারী একাধিক চক্র। এমনকি রবিবার সকালে অভিযান চালিয়ে রাজধানী থেকে ৫ জাল নোট কারবারিকে আটক করেছে র্যাব।
কেন্দ্রীয় ব্যাংক সুত্র জানা গেছে, এসব ঘটনার প্রেক্ষিতে নতুন নোট বিতরণে সতর্কতার পাশাপাশি জাল নোট ঠেকাতে বিশেষ ব্যবস্থা সুপারিশে এসেছে কেন্দ্রীয় ব্যাংক বরাবর। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জাল নোট বিষয়ক সভায় এ সুপারিশ তুলে ধরা হয়। এরই প্রেক্ষিতে ব্যাংকের পক্ষ থেকে হ্যান্ডবিল বিতরণ ও টিভিতে ভিডিওচিত্র প্রচারের পাশাপাশি মেশিন বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক চায়, এবার যেন রাস্তায় টাকা বিক্রি না হয়। এবার যেন ব্যাংক থেকে টাকা সরাসরি মানুষের হাতে পৌঁছায়। এ ব্যাপারে বিশেষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘আগামী ৩০ জুন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নিকট এসব মেশিন হস্তান্তর করা হবে।’
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের বিতরণ ছাড়াও ব্যবসায়ীরা চাইলে নিজ উদ্যোগে এসব মেশিন সংগ্রহ করতে পারবেন। ২০০০ টাকার মধ্যেই এ মেশিন কেনা সম্ভব।

