ঢাকাSunday , 28 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট না কমালে সোনার ব্যবসা বন্ধের হুমকি

Link Copied!

Goldঅর্থনৈতিক প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুয়ালারি ব্যবসায় ১ শতাংশ থেকে ২ শতাংশ ভ্যাট বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তার প্রতিবাদে মাঠে নেমেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। করহার কমানোর দাবি জানিয়ে সংগঠনটি হুমকি দিয়েছে ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানা হলে একদিনের জন্য সারাদেশে সোনার ব্যবসা বন্ধ রাখা হবে। তারপরও যদি তাদের দাবি না মানা হয় তবে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ রাখা হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজুস তাদের দাবি জানিয়ে এ আল্টিমেটাম দেয়। সংবাদ সম্মেলনে বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, ‘২০১৪-১৫ অর্থবছরে জুয়েলারি ব্যবসায় কর ২ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করায় এ শিল্পে নেতিবাচক প্রভাব পড়ে। প্রয়োজনে দেশের বেশিরভাগ মানুষই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ১ শতাংশ ভ্যাট দিয়ে স্বর্ণালঙ্কার কিনে আনেন। গত ৩০ বছরের মধ্যে আমাদের বিক্রি সবচেয়ে কমে এসে বিক্রির পরিমাণ ১০ ভাগে নেমে এসেছে। এর ফলে সরকারেরও রাজস্ব আদায় কমে গেছে।’
এই ব্যবসায়ী মনে করছেন, ‘এ পরিস্থিতিতে এখন আবার ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে জুয়েলারি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মখীন হবে।’ তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই এতো বেশি পরিমাণ ভ্যাট নেই। সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ অনেক দেশে কোনো ভ্যাট নেই।’
বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী যে করহার ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন এনামুল তা ১ শতাংশ থেকে দেড় শতাংশের মধ্য রাখার দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, তাহলে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। ট্রেড লাইসেন্স নবায়ন ফি এবং ডিলিং লাইসেন্স নবায়ন ফি পূর্বাবস্থায় বহাল রাখার দাবিও জানান তিনি।
এনামুল অভিযোগ করেন, ‘বর্তমানে যেকোন ব্যক্তি বিদেশ থেকে ১০০ গ্রাম সোনা আনতে পারেন। এভাবে দেশে প্রতিদিন প্রায় ৪ হাজার ভরি সোনা আমদানি হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক বাজার থেকে সোনা আমদানির কোনো ব্যবস্থা নেই।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি বাদল চন্দ্র রায়, গঙ্গা চরণ মালাকার প্রমুখ।
গত ৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জুয়েলারি ব্যবসায় ভ্যাট প্রসঙ্গে বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, ‘স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী সেবার ক্ষেত্রে বিদ্যমান (ভ্যাট) ৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ এবং যোগানদার সেবার ক্ষেত্রে বিদ্যমান ৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’