আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় শনিবার মার্স ভাইরাসে আক্রান্ত ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২য়ে দাঁড়াল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
দেশটিতে মার্স ভাইরাসে আক্রান্ত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে। এছাড়া সবমিলিয়ে সেখানে মার্স আক্রান্তের সংখ্যা ১৮২তে গিয়ে দাঁড়াল। সৌদি আরবের বাইরে এটিই সবচেয়ে বেশি মার্স আক্রান্তের ঘটনা।
তবে শনিবার এই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত ৯১ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
৬৮ বছর বয়সী এক ব্যক্তি সৌদি আরব সফর শেষে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর মে’র ২০ তারিখ থেকেই দেশটিতে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল।
এখনও পর্যন্ত এ ভাইরাস পুরোপুরি নির্মূলে করতে ব্যর্থ হয়েছে সরকার। আর এ কারণে যথেষ্ট সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে সরকারকে।

