নিজস্ব প্রতিবেদক : ৪৮ ঘণ্টায় ৬৭৪ মিলিমিটার বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে ও গাছের নিচে চাপা পড়ে ১১ জনের মৃত্যু হওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া উদ্যোগের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওই জেলার মানুষকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর কক্সবাজার জেলায় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কক্সবাজার জেলায় পাহাড়ি ঢল এবং ঝড়ে ১০ জন মানুষ মারা গেছেন। খবরটি পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কতগুলো পদক্ষেপ নেয়া হয়েছে।’
শনিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতিতে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় সভাপতির চেয়ারে ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
মন্ত্রী ১০ জনের কথা বললেও কক্সবাজার জেলা প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১১।
নাসিম বলেন, ‘কক্সবাজার এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে। চিকিৎসক, নার্স, প্যারামেডিকসহ সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চলমান আছে। তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে স্বাস্থ্য সেবা দেয়ার নির্দেশ দেয়া আছে। জরুরি চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’

