নিজস্ব প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরে সারাদেশে মোট ৭১৮ কেজি ৯০৪ গ্রাম সোনা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর বিপরীতে মামলা হয়েছে ৬৪০টি।
শনিবার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত এম এ হান্নানের প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘২০১৪-১৫ অর্থবছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর কর্তৃক ৫২টি মামলার বিপরীতে ৩২৪ দশমিক ২৯৬ কেজি এবং কাস্টমস হাউস ঢাকা কর্তৃক ৪৭টি মামলার বিপরীতে ১৬৬ দশমিক ৫৭ কেজি সোনা জব্দ করা হয়েছে। এছাড়াও ৫৪১টি বিভাগীয় মামলার মাধ্যমে ২২৮ কেজি ৩৮ গ্রাম সোনা জব্দ করা হয়।’
সোনা চোরাচালান বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সোনা চোরাচালান বৃদ্ধির সম্ভাব্য কারণ বিভিন্ন গোপন সংবাদ প্রদানকারী এবং বিভিন্ন উৎস থেকে জানা যায়। তার মধ্যে হলো, ভারতে সোনা আমদানির শুল্কহার বেশি হওয়ায় বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা।’
এছাড়া দেশের বাইরে সোনার দাম কম হওয়া ও এটি সহজে বহনযোগ্য হওয়াসহ বেশ কিছু কারণকেও চোরাচালান বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেন মুহিত।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘গত ৫ বছরে জব্দকৃত মোট ১৭৯৩ দশমিক ৭২ কেজি সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়েছে।’

