আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তির জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শনিবার বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গেছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। আগামী ৩০ জুনের মধ্যে ইরান ও ছয় জাতিগোষ্ঠীকে পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর কর্মকর্তাদের সঙ্গে ইরানের চূড়ান্ত ও সংবেদনশীল আলোচনা শুরু হবে।
শুক্রবারই ভিয়েনা পৌঁছেছেন কেরি। শনিবার সম্মেলনের উদ্দেশ্যে ইরান ছেড়েছেন জারিফ।
ইরানি আলোচক দলের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শনি ও রোববারের আলোচনায় জন কেরি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমাইয়ার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস যোগ দেবেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
এক টুইটার বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ স্বচ্ছ ও টেকসই চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন।
তবে চূড়ান্ত চুক্তিতে পৌছতে এখনও বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এগুলির মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে পুরোপুরি অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার এবং ইরান যে চুক্তির লঙ্ঘন করবে না সে বিষয়ে তদারকির পদ্ধতি।
চূড়ান্ত চুক্তিতে পৌছতে যে ইরান ও পশ্চিমা পক্ষকে বেশ বেগ পেতে হবে বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনৈতিক জানিয়েছেন, ‘আগামি দিনগুলি বেশ কঠিন হবে।’

