আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ড ছেড়েছেন ভারতের হাই কমিশনার রবি থাপার। তার স্ত্রীর বিরুদ্ধে এক স্টাফ মেম্বারকে নির্যাতনের অভিযোগ উঠার পর তাকে নয়াদিল্লিতে ফেরত আসার নির্দেশ দেয় মোদি সরকার। ভারতের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
এ অভিযোগের ওপর স্বাধীনভাবে তদন্ত করতে গত মাসে নিউজিল্যান্ডে একটি দল পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, হাই কমিশনারের স্ত্রী শর্মিলা তাদের এক স্টাফকে (বাবুর্চি) এক রাতে তাদের ওয়ালিংটন বাসভবন থেকে ২০ কিলোমিটার হাঁটতে বাধ্য করেছিলেন। পরে ওই বাবুর্চিকে বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। তিনি তাকে থানায় নিয়ে যান। সেখানে ওই গৃহকর্মী ভারতীয় হাই কমিশনারের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর ওই বাবুর্চি কয়েক রাত থানাতেই কাটান।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, হাই কমিশনারের এক স্টাফ সদস্য নিখোঁজ হওয়ার পর গত মাসের ১০ তারিখে বিষয়টি প্রথম তাদের নজরে আসে। এরপরই তারা ঘটনাটির ওপর তদন্ত শুরু করেন। তদন্তের স্বার্থেই রবি থাপারকে দিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে বলেও তিনি জানান।
মুখপাত্র স্বরূপ আরো জানিয়েছেন, কর্মচারী নিখোঁজ হওয়ার ঘটনাটি নিউজিল্যান্ডের পুলিশ এবং পররাষ্ট্র দপ্তরকে জানায় ভারতীয় তারা হাইকমিশন। গত ১১ মে ওই কর্মচারী থানায় হাজির হয়ে রবি থাপারের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন। নিউজিল্যান্ডের সমন্বয়ে তদন্তে নামে ভারতও। গত ২৮ মে দেশে ফিরে আসেন অভিযোগ দায়েরকারী ওই কর্মচারী।
এ ঘটনার জের ধরে এবার দেশে ফিরছেন হাই কমিশনার রবি থাপারও।
এর আগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ২০১৩ সালে ভারতের নিউইয়র্ক কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে আটক করেছিল মার্কিন পুলিশ। পরে তিনি ভারত ফিরে আসেন। এ ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। পরে অবশ্য দু পক্ষের উদ্যোগে ওই জটিলতার অবসান ঘটে।

