চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) দুইটি জেটি পরিচালনার জন্য সাইফ পাওয়ারটেকের নেতৃত্বাধীন তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কোম্পানি বেসরকারি অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সাইফ পাওয়ারটেকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, সাইফ পাওয়ার টেক আগামী দুই বছর নিউমুরিং কন্টেনার টার্মিনালের ৪ ও ৫ নম্বর টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং করবে। ৪৯ কোটি ৬৪ লাখ টাকা দর উল্লেখ করে দরপত্র দাখিল করে সাইফ পাওয়ারটেক।
সাইফ পাওয়ার টেকের নেতৃত্বাধীন কোম্পানিতে অপর দুই অংশীদার হচ্ছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের মালিকানাধীন এম এইচ চৌধুরী শিপিং এবং নোয়াখালীর সরকার দলীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মালিকানাধীন এ এন্ড জে শিপিং কোম্পানি।
এর আগে সাইফ পাওয়ারটেককে রেসপনসিভ ঘোষণা করে কার্যাদেশ দেয়ার জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে পত্র পাঠায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দরপত্র মূল্যায়ন কমিটি। অনুমোদন পাওয়ার পর বেসরকারি এই কোম্পানির সাথে বন্দর কর্তৃপক্ষ চুক্তি স্বাক্ষর করে।

