নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক রাজ্জাককে চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে। তাকে বিজিবি সদর দপ্তর হাসপাতালে ভর্তি করা হবে।
তবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, চিকিৎসার উদ্দেশ্যে রাজ্জাককে ঢাকায় আনা হচ্ছে না।
তিনি বলেন, তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে না। সে আঘাতপ্রাপ্ত হয়নি। তুলে নেয়ার সময় বৈঠার আঘাতে নাকে ব্যথা পান। সে ছুটিতে যাবে । তাই বাড়ি যাওয়ার সময় হেড কোয়ার্টার হয়ে আমাদের সঙ্গে দেখা করে যাবে। পাশাপাশি হাসপাতালে নাকের আঘাতটিও দেখাবে।
অপহরণের আট দিন পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকে তাকে ফেরত দেয়া হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে নিয়ে বাংলাদেশে রওনা দেয় বিজিবি কর্মকর্তারা। বিকেল সাড়ে ছয়টার খানিক আগে রাজ্জাককে নিয়ে বিজিবির প্রতিনিধিদল টেকনাফে পৌঁছান।
অস্ত্র ও গুলিসহ রাজ্জাককে ফেরত দেয়াসহ চোরাচালান বন্ধ ও সীমান্তে শান্তি স্থাপন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। মিয়ানমারের পক্ষ থেকে ১০ সদস্যের এবং বাংলাদেশের পক্ষ থেকে ৬ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
গত ১৭ জুন বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালানি সন্দেহে দুটি নৌকায় তল্লাশি চালানোর সময় রাজ্জাক অপহৃত হন। বিজিবির সদস্যদের ধারণা ওই ট্রলারে ইয়াবাসহ অন্যান্য অবৈধ পণ্য ছিল।

