নিজস্ব প্রতিবেদক
২০১৪-১৫ সালে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে ইসির। এবার প্রায় অর্ধকোটি নতুন ভোটার ইসির ডাটা বেজে যুক্ত হচ্ছেন। সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতেই কমিশন এমনটায় আশা করছেন।
ইতোমধ্যে ৫৭ লাখ ১১ হাজার ৫২৯ জনের তথ্য সংগ্রহ করেছে ইসি। এর মধ্যে ৩৭ লাখ ৭৩ হাজার ১৫ জনের ছবি তোলা ও রেজিস্টেশন কাজ শেষ হয়েছে। বর্তমানে ইসির ডাটা বেজে ৯ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৮৮৬ কোটি ভোটারের তথ্য রয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এবার ৪৫ লাখ ৯৯ হাজার ৭০৪ জনকে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে হালনাগাদের কাজ শুরু করেছিল ইসি। যা বর্তমান ভোটারের ৫ শতাংশ। ইতোমধ্যে ৫৭ লাখ ১১ হাজার ৫২৯ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ২১ শতাংশ বেশি।
জানা যায়, সংগ্রহকৃত ভোটারের মধ্যে সরাসরি ৪৮ লাখ ৩৮ হাজার ৬০ জন দুই নম্বর ফরম পূরণ করেছে। বাকি ৮ লাখ ৭৩ হাজার ৪৬৯ জন ভোটার হওয়ার যোগ্যতা থাকার কারণে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তারাও রেজিস্টেশন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এছাড়া ৩৭ লাখ ৭৩ হাজার ১৫ জনের ছবি তোলা ও রেজিস্টেশন কাজ শেষ হয়েছে।
এর মধ্যে পুরুষ ভোটার নিবন্ধন হয়েছেন ২১ লাখ ৩২ হাজার ৩৩১ জন এবং নারী ভোটার নিবন্ধন হয়েছেন ১৬ লাখ ৪০ হাজার ৮৮৪ জন।
এ বিষয়ে ইসির উপসচিব পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘লক্ষ্যমাত্রার চেয়ে কিছু বেশি ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। এদের মধ্যে অনেকে কেন্দ্রে এসে ভোটার হবে না। এর পরও আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে।’
প্রসঙ্গত, গত ১৫ মে থেকে তিনটি ধাপে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। ইতোমধ্যে দুটি ধাপের হালনাগাদ কাজ শেষ হয়েছে। এখন তৃতীয় ধাপে ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ছবি তোলা ও রেজিস্টেশন কাজ চলছে। ১৫ নভেম্বর হালনাগাদের কাজ শেষ হবে।

