আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দেয়ার কয়েক ঘণ্টা পর ৩ বিচারককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দেশটির সিনাই উপত্যকায় এ ঘটনা ঘটে।
ইরানের প্রেস টিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর সিনাই উপত্যকার প্রাদেশিক রাজধানী আল-আরিশে বন্দুকধারীদের গুলিতে ৩ বিচারককে হত্যা করা হয়েছে। এছাড়া আরও দুই বিচারক আহত হয়েছে ।
বন্দী হওয়ার পর মিশরের সিনাই উপত্যকায় মুরসির সমর্থকরা প্রায় পুলিশ এবং সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে।
শনিবার মিশরের একটি আদালত মোহাম্মদ মুরসিকে ২০১১ সালে গুপ্তচরবৃত্তি এবং কারাভঙ্গের অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেছে। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সমর্থিত মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপরই তাকে ও তার দলের নেতাকর্মীদের আটক করা হয়। গত মাসে ২০১২ সালে প্রেসিডেন্ট থাকাকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানির দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

