ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : আজ ১৭ মে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে তিনি দীর্ঘ নির্বাসন শেষে প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন। এ দিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এ সময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। পরে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত বাংলায় ১৭ মে ১৯৮১ সালে জনতার কণ্ঠে ঘোষিত হয়েছিল ‘হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নেবো’। সে দিন শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেরেবাংলা নগরে এসে জনতা ভিড় করেছিল।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে, আধুনিক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্য, শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো টানা সাত দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আজ সূর্যোদয় ক্ষণে সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা। সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া ২২ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি করবে আওয়ামী লীগ। র‌্যালিটি ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।
সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কর্মসূচি :
আজ বেলা ২টা ৩০ মিনিটে ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার দুপুর ১২টায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে বিএমএ ভবন অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ও বিকেল ৪টায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় প্রেস কাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ২০ মে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে জাতীয় প্রেস কাব মিলনায়তনে ও বিকেল ৩টায় যুবলীগের উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ২১ মে বৃহস্পতিবার পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন অডিটোরিয়ামে ও বিকেল ৩টায় যুবলীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ২৯ মে শুক্রবার ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে।