অর্থনৈতিক প্রতিবেদক : বাংলদেশে দরিদ্রতা কমছে। আমরা এখন অত্যন্ত সুখী একটা রাষ্ট্র। ২০১৮ সালে এদেশে দরিদ্রতা থাকবে না। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
‘দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা’ বিষয়ক শীর্ষ সম্মেলন আয়োজন উপলক্ষে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ খুব ভালো করছে। চার বছরের মধ্যে এদেশের দরিদ্রতার হার ১১ শতাংশে নেমে আসবে। ফলে বাংলাদেশকে দ্ররিদ্র মুক্ত হিসেবে গণ্য করা যাবে। কারণ একটি দেশে দরিদ্র, অক্ষম কিছু লোক সব সময় থাকবে, যারা রাষ্ট্রের ওপর নির্ভরশীল।’
মুহিত বলেন, ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাঠামোটি আশির দশকে গঠিত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ বলয়ভুক্ত দেশগুলোর অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছে।’
সংবাদ সম্মেলনে জাননো হয়, আগামীকাল রোবাবার হোটেল সোনারগাঁয়ে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’দিনব্যাপী সম্মেলনে ৪৫ দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংস্থার ১৫০ জন দেশি বিদেশি প্রতিনিধি অংশ নেবে। সভায় ইথিওপিয়া, বুরুন্ডি ও রুয়ান্ডার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন।
জাতিসংঘের দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বিষয়ক সংস্থা, জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। দুই দিনে তিনটি পূর্ণাঙ্গ অধিবেধন ও তিনটি প্রায়োগিক অধিবেশন থাকবে।

