আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিতে রাজি হয়েছে সুইস ব্যাঙ্ক। শুক্রবার দিল্লিতে সফররত সুইজারল্যান্ডের অর্থমন্ত্রী জোহান এন স্কিনিদারের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী অরুণ জেটলি এ তথ্য জানিয়েছেন।
এ ধরণের তথ্য আদানপ্রদানে দু দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরেও সুইজারল্যান্ড রাজি হয়েছে বলে জানিয়েছেন জেটলি।
সুইস ব্যাঙ্ক থাকা ভারতীয়দের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিতে সুইজারল্যান্ডকে চাপ দিচ্ছিল দিল্লি। অবশেষে সেই চাপের কাছে কিছুটা হলেও নতিস্বীকার করল সুইজারল্যান্ড। শুক্রবার দিল্লিতে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের অর্থমন্ত্রী। এতে সুইস ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয় কালো টাকা উদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সুইজারল্যান্ড। সেজন্য সুইস ব্যাঙ্কে যে সব ভারতীয়দের অ্যাকাউন্ট রয়েছে, তার সব তথ্যই তারা দিল্লিকে দেবে।
কালো টাকার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে সুইজারল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরেরও প্রস্তাব দিয়েছেন জেটলি। এর ফলে সুইস ব্যাঙ্কে নতুন করে কোনও ভারতীয়ের অ্যাকাউন্ট খোলা হলে, তার সব তথ্যই হাতে আসবে দিল্লির। তখন তার জন্য আলাদা করে আর আবেদন করতে হবে না।

