কক্সবাজার প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল ইসলাম বলেছেন, ‘ইয়াবা ও মানবপাচার রোধে প্রশাসনের কর্মকর্তা ও সদস্যদের কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’
শনিবার সকাল সাড়ে ১১টার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘ইয়াবা ও মানবপাচার প্রতিরোধ’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একেমএম শহীদুল ইসলাম বলেন, ‘ইয়াবা ও মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ বিষয়টি মাথায় রেখে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। তার জন্য সর্বোচ্চ দায়িত্ববান হয়ে কাজ করতে হবে।’
পাশপাশি ইয়াবা ও মানবপাচার রোধে স্থানীয় প্রশাসন ও লোকজনের সহযোগিতা কামনা করেন তিনি।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার পরিচালনায় ও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিজিবির সেক্টরস কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, র্যা বের কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মহিউদ্দীন, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট রনজিৎ দাশ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, রামু খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদ প্রমুখ।

