আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিমান হামলায় কমপক্ষে ৩৯জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭জনই শিশু। বুধবার থেকে উত্তর সিরিয়ার আলেপ্পোয় এ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ বাহিনী বুধবার থেকে আলেপ্পোয় বিদ্রোহীদের দখলে থাকা পাশাপাশি তিনটি গ্রামে বিমান হামলা চালায়। এতে ৩৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ১৭জনই শিশু। এছাড়া হামলায় আহত হয়েছে আরও অনেকে।
সংস্থাটি দাবি করেছে বিমান হামলার পাশাপাশি সরকারি বাহিনী বিদ্রোহীদের দখল করা গ্রামগুলিতে ক্ষেপনাস্ত্র ও গুচ্ছবোমা হামলা চালিয়েছে।
এদিকে লেবানন সীমান্তের কাছাকাছি সিরিয়ার কালামউন পার্বত্য এলাকায় সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে হিজবুল্লাহর ৮ সেনা নিহত হয়েছে।
প্রসঙ্গত, চলতি মে মাসের শুরু থেকে কালামউন পার্বত্য এলাকায় লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে আসাদবাহিনী নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

