আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের দ্বিতীয় শীর্ষ নেতা আবু আলা আল আফরি নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রনালয়। আইএসের দখল করা উত্তর-পশ্চিম ইরাকের তাল আফর শহরের একটি মসজিদে মার্কিন নেতৃত্বধীন যৌথ বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন। গত মার্চে আইএসের শীর্ষ নেতা আবু বাকর আল বাগদাদি বিমান হামলায় গুরুতর আহত হন। এর পর থেকেই দলের দায়িত্বে ছিলেন আফরি। পেশায় আফরি ছিলেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি দীর্ঘদিন আইএসের উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইরাক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন ইব্রাহিম জানান, তাল আফর এলাকায় আল আফরি বেশ কয়েকজন আইএস যোদ্ধার সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় সেখানে হামলা চালানো হয়। মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তারা তাল আফরে বিমান হামলা চালিয়েছে। তবে আফরির নিহতের ব্যাপারে ইরাক সরকারের দাবির স্বপক্ষে কোন মন্তব্য করেনি যৌথবাহিনী।

