আন্তর্জাতিক ডেস্ক : তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই দেশটিতে এটিই হচ্ছে তার প্রথম সফর। এখান থেকে তিনি মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাবেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে,বৃহস্পতিবার সকালে চীনের প্রাচীন নগরী শিয়াং পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানকার শিয়ান শিয়াংইয়াং বিমানবন্দরে তাকে স্বাগত জানান শানঝি প্রদেশের গভর্নর। শিয়াংয়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আদি বাড়ি।
শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট শি’য়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মোদির। এরপর দুই নেতা বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু শুয়ান জাংয়ের স্মৃতিতে নির্মিত ওয়াল্ড গুজ প্যাগোডা পরিদর্শন করবেন। শুক্রবার থেকে বেইজিংয়ে চীনা নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন মোদি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদির এ সফরে চীন-ভারত বাণিজ্য বৈষম্যের বিষয়টি গুরুত্ব পাবে। ২০১৪-১৫ অর্থবছরে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি ৩৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে চীনা প্রেসিডেন্টের কাছে নিজেদের উদ্বেগের কথা জানাবেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়া চীনের মেরিটাইম সিল্ক রুট নিয়েও উদ্বিগ্ন ভারত। এরপরও সফর নিয়ে আশাবাদী মোদি। সফর শুরু করার আগে তিনি বলেছিলেন, এই সফর শুধু ভারত-চীন সম্পর্ককেই এক অন্য উচ্চতায় নিয়ে যাবে তা-ই নয়, এটি এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে একটা মাইলফলক হয়ে থাকবে।
সফর শুরু করার আগে বুধবার দিল্লিতে চীনা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদি বলেন, এই সফরের জন্য তিনি এক বছর ধরে অপেক্ষা করেছেন। একবিংশ শতক হবে সম্পূর্ণভাবেই এশিয়ার।
তবে তার এ সফরে দু দেশের সীমান্ত বিরোধ নিয়ে তেমন কোনো বাস্তবসম্মত উন্নয়ন আশা করা যায় না বলে জানিয়েছে এনডিটিভি। এ সফরে চীনা নাগরিকদের জন্য ই-ভিসা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। ভারতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোয়েন্দা সংস্থার উদ্বেগ খারিজ করার পর তারা এই ঘোষণা দিতে যাচ্ছে। এছাড়া মোদির এ সফরে দু দেশের মধ্যে ২০টি ব্যবসা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

