আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে এক জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭২য়ে দাঁড়িয়েছে। প্রাথমিক রিপোর্টে নিহত শ্রমিকদের সংখ্যা ৪৫ বলে উল্লেখ করেছিল বিবিসি।
ওই কারাখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, অনুন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণেই এত মানুষ মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় পুলিশ।
বুধবার রাতে রাজধানী ম্যানিলার উপকণ্ঠে অবস্থিত রাবারের জুতা তৈরির ওই কারখানায় আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে পুলিশ বলছে, কারখানার প্রবেশপথে জড়ো করে রাখা রাসায়নিক দ্রব্য থেকেই আগুনের সূত্রপাত। বুধবার কারখানার প্রবেশপথে ঝালাইয়ের কাজ করার সময় ওইসব দাহ্য পদার্থে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ৫ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীরা সদস্যরা।
ওই দুর্ঘটনায় ৭২ শ্রমিক মারা গেছেন। এদের অধিকাংশই কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ওই জুতার কারখানাতে ২শ থেকে ৩শ শ্রমিক কাজ করছিল বলে জানিয়েছেন এর মালিক।

