নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া ২৩ নাগরিকের আদালত অবমাননার বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১০ জুন আদেশ দেয়া হবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
আজ বৃহস্পতিবার আদালতে শুনানি করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও তাপস কান্তি বল।
গত ২৩ এপ্রিল ২৩ নাগরিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তার ব্যাখ্যা দিতে বলা হয়। সে অনুয়ায়ী গত ২৯ এপ্রিল ১৫ জন স্বশরীরে হাজির হয়ে ও বিদেশে থাকা বাকি ৮ জন ডাকযোগে রুলের জবাব দেন।
হাজির থাকা ১৫ জনের মধ্যে ১০ জনের পক্ষে ব্যারিস্টার আসাদুজ্জামান ও ২ জনের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম জবাব দাখিল করেন। ৩ জন জবাব দাখিল করে নিজেরাই শুনানি করেন। বাকি ৮ জন বিদেশে আছেন।
ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া ২৩ নাগরিকের বিরুদ্ধে আদালত অবমাননার প্রশ্নে গত ১ এপ্রিল রুল জারি করেন ট্রাইব্যুনাল-২।
রুলে জাফরুল্লাহ চৌধুরী, আনু মোহাম্মদ, শিরিন হক ও আলী আহম্মেদ জিয়া উদ্দিনসহ ২৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা জানতে চাওয়া হয়।
অন্যরা হলেন- সিআর আবরার, লুবনা মারিয়াম, মুক সাথী, তিত্রা আলী, দেলোয়ার খোকন, মাসুদ খান, জিয়াউর রহমান, জরিনা নাহার কবির, ফরিদা আক্তার, বিনা ডি কস্ট্রা, আফসান চৌধুরী, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, আনুশে আনাদিল, হানা শামস আহমেদ, লিসা গাজী।
গত বছর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। আদালত অবমাননার দায়ে দন্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া নাগরিকদের কাছে ব্যাখ্যা চেয়ে গত ১৪ জানুয়ারি আদেশ দেন ট্রাইব্যুনাল। আদেশে তাদেরকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ওই বিবৃতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন। বিবৃতিদাতাদের মধ্যে ২৬ জন নিঃশর্ত ক্ষমার প্রেক্ষিতে অব্যাহতি পান। তাদের মধ্যে রয়েছেন-আইনজীবী ড. শাহদীন মালিক, এম হাফিজউদ্দিন খান, রিজওায়না হাসান, আসিফ নজরুল, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মোহসিন, লায়লা খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরূপ রাহী, শাহীন আক্তার, ইলোরা দেওয়ান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করে গত ২ডিসেম্বর রায় দেন। এ অর্থ অনাদায়ে তাকে ৭ দিনের জেল ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।
ব্লগে লেখার মাধ্যমে বার্গম্যান ট্রাইব্যুনালের কর্তৃত্বকে চ্যালেঞ্জ, বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়।
ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত বছর ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ।
ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘ দ্য নিউ এজ’র বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

